নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৬২ লাখ টাকা মূল্যের ২০,৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র্যাব-১)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে র্যাব-১, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল বিশ্বস্ত সূত্র, গোপন তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারে যে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর গাছা থানাধীন বোর্ডবাজার ভূষিরমিল এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে একটি চক্র। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে খ্রিষ্টিয়ান ডিসাইপ্লশীপ সেন্টার (সিডিসি)-এর সামনে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। পরে বিকেল ২টা ৫ মিনিটে মোঃ পিয়ারু (৩৪), পিতা- নুরুল আলম, গ্রাম- আজিমপুর (আমানত খানের বাড়ি), ডাকঘর- অলিরহাট, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ২০,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোন এবং নগদ ৪,৮০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, সে দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীদের সঙ্গে যোগসাজশে বিভিন্ন জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে তার হেফাজতে রাখা হয়েছিল বলে জানা যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণি ১০(গ)/৪১ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য গাছা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।