নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকায় বিশেষ অভিযানে ১৯৭ বোতল ফেন্সিডিলসহ চার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। র্যাব জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে জিএমপি’র টঙ্গী পূর্ব থানাধীন নতুন বাজার এলাকায় মেসার্স হায়দারাবাদ রাইস স্টোর এর সামনে টঙ্গী-নরসিংদী সড়কে মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এসময় টঙ্গী চৌরাস্তা থেকে নরসিংদীগামী একটি অটোরিকশায় থাকা চার নারীকে সন্দেহজনকভাবে তল্লাশি করা হলে তাদের প্রত্যেকের পেটের সঙ্গে স্বচ্ছ স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় মোট ১৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের মোট পরিমাণ প্রায় ১৯.৭ লিটার এবং আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৮৮ হাজার টাকা। গ্রেফতারকৃতরা হলেন মোসা. রাবেয়া বেগম (২৫), মোসা. বেলী আক্তার (২৪), মোসা. লিমা খাতুন (২২) এবং মোসা. শিখা খাতুন (২৭)। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১৪(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। র্যাব-১ জানায়, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে স্লোগানে উদ্বুদ্ধ হয়ে মাদক নির্মূলে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি’র টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫