নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসে গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) জোবিঅ-জয়দেবপুর ও আবিবি-জয়দেবপুরের সমন্বয়ে কুনিয়া বড়বাড়ী এলাকায় (দুলাল মেম্বারের বাসা সংলগ্ন) এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুরের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনীম। এ সময় সংশ্লিষ্ট গ্যাস বিতরণ সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। অভিযোগ ছিল, এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে একাধিক স্থানে অভিযান চালিয়ে ৩/৪ ইঞ্চি কিলের ০৩টি এবং ১ ইঞ্চি কিলের ০১টি অবৈধ সংযোগ চিহ্নিত করে অপসারণ করা হয়। পাশাপাশি প্রায় ৩০০ ফুট অবৈধ পাইপলাইন মাটি খুঁড়ে তুলে ফেলা হয়, যা ঝুঁকিপূর্ণ ও অনিরাপদভাবে স্থাপন করা হয়েছিল। ভ্রাম্যমাণ আদালতের তথ্যানুযায়ী, অভিযানে আবাসিক শ্রেণির আনুমানিক ৫২০টি দ্বিমুখী সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব সংযোগের মোট লোড ছিল প্রায় ১০,৯২০ ঘনফুট প্রতি ঘণ্টা। সর্বমোট বিচ্ছিন্নকৃত লোডও ১০,৯২০ ঘনফুট/ঘণ্টা। কর্তৃপক্ষ জানায়, অবৈধ সংযোগের কারণে সরকার রাজস্ব হারাচ্ছে এবং বৈধ গ্রাহকরা গ্যাসের চাপ কম পাওয়ার মতো সমস্যায় পড়ছেন। একই সঙ্গে অবৈধ লাইনের কারণে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। এসব বিবেচনায় নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে এ অভিযানে কাউকে অর্থদণ্ড প্রদান করা হয়নি। সংশ্লিষ্টদের সতর্ক করে ভবিষ্যতে অবৈধ সংযোগ গ্রহণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপদ, নিয়মিত ও বৈধ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকাবাসীকে অবৈধ সংযোগ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫