জাহাঙ্গীর আলম (নিজস্ব প্রতিবেদক) গাজীপুরের টঙ্গীবাজারের মা সফুরউন নেছা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ শুক্রবার (৬ মার্চ) রাত ১২টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে টঙ্গীবাজারের আনারকলি রোড এলাকায় অবস্থিত মা সফুরউন নেছা মার্কেটে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন মার্কেটের ভেতরে ছড়িয়ে পড়তে শুরু করে। আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা যার যার অবস্থান থেকে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তারা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টা শেষে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। টঙ্গী ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র কর্মকর্তা শাহীন আলম জানান, মার্কেটে দরজা-জানালার পর্দা, থাই অ্যালুমিনিয়াম, কেমিক্যালসহ বিভিন্ন ধরনের দাহ্যপণ্যের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১৩ থেকে ১৪টি দোকান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে ফায়ার সার্ভিস।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫