নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগরীর তুরাগ থানাধীন ডলিপাড়া বাদলদী এলাকায় অভিযান চালিয়ে জালনোট প্রস্তুত ও বিক্রয়কারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও জালনোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। র্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল গত বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিকেল ৫টার দিকে তুরাগ থানাধীন ডলিপাড়া বাদলদী এলাকার হাউজ নং-৩০, রোড নং-১০, ওয়ার্ড নং-৫২ এ অবস্থিত হোসনে আরা আক্তারের চারতলা ভবনের চতুর্থ তলায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে জালনোট কারবারি চক্রের সদস্য নাইমুল ইসলাম ইশান (১৯) ও তার সহযোগী কেফায়েত উল্লাহ (১৯) কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫০০ টাকা মূল্যমানের ৫ হাজার ৫টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য প্রায় ২৫ লাখ ২ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত জাল নোটের প্রতিটির সিরিয়াল নম্বর ছিল ‘ঝ শ ১৩৫৯১৪৭’।এছাড়াও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি লেজার প্রিন্টিং ডাইস, একটি প্রিন্টার এবং তিনটি স্মার্টফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা একটি সংঘবদ্ধ জালনোট কারবারি চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে বিভিন্ন মূল্যমানের জাল টাকা তৈরি করে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা জাল বলে জানা সত্ত্বেও তা আসল টাকা হিসেবে বাজারে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে নিজেদের কাছে সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক এর (খ) ধারায় অপরাধের প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, এ ধরনের জালনোট প্রস্তুত ও প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫