নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে বিদেশি মেহমানদের থাকার সুবিধার্থে নতুন একটি স্টিল স্ট্রাকচার শেড উদ্বোধন করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত এ শেডটি ভবিষ্যতে বিদেশি মুসল্লিদের আবাসন ও নিরাপদ অবস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে আনুষ্ঠানিকভাবে শেডটির উদ্বোধন করেন ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। উদ্বোধন অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজক সংগঠন শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ হাবিবুল্লাহ রায়হান বলেন, প্রতি বছর বিশ্ব ইজতেমায় মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক বিদেশি মুসল্লি অংশগ্রহণ করেন। তাদের থাকার স্থান সংকুলান ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিশেষভাবে বিদেশিদের জন্য এই স্টিল স্ট্রাকচার শেড নির্মাণ করা হয়েছে। তিনি আরও জানান, বিশেষ করে আরব দেশসহ বিদেশি মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থাপনা নিশ্চিত করতে পর্যায়ক্রমে আরও কয়েকটি শেড নির্মাণের পরিকল্পনা রয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, বিশ্ব ইজতেমা বাংলাদেশের একটি আন্তর্জাতিক ধর্মীয় সমাবেশ। এখানে আগত বিদেশি মেহমানদের সম্মানজনক ও নিরাপদ পরিবেশে থাকার ব্যবস্থা করা সরকারের দায়িত্বের অংশ। সেই লক্ষ্যেই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ্য, টঙ্গীর তুরাগ নদীর তীরে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দান প্রতিবছর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশের আয়োজক স্থান হিসেবে পরিচিত। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লি অংশগ্রহণ করেন এবং তাদের সুবিধার্থে প্রতিবছরই অবকাঠামোগত উন্নয়ন ও বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫