জাহাঙ্গীর আলম (নিজস্ব প্রতিবেদক) : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে লাইফ কেয়ার জেনারেল হাসপাতাল নামের একটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় অপারেশন থিয়েটারে আধুনিক সার্জিক্যাল লাইটের পরিবর্তে মোটরসাইকেলের ফগ লাইট ব্যবহারসহ একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়, যা উপস্থিত কর্মকর্তাদের বিস্মিত করে। শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলম। অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কার্পাসডাঙ্গা বাজারে অবস্থিত ক্লিনিকটির পরিচালক পরিচয়দানকারী মামুন অর রশিদ শাওন এবং গাইনি চিকিৎসক পরিচয়ে রোগী দেখা মাসুমা ফেরদৌস স্নিগ্ধা দীর্ঘদিন ধরে নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তবে তারা প্রকৃতপক্ষে নিবন্ধিত চিকিৎসক নন বলে অভিযোগ রয়েছে। অভিযানের খবর পেয়ে তারা আগেই ক্লিনিক ছেড়ে পালিয়ে যান। ফলে অভিযানের সময় তাদের আটক করা সম্ভব হয়নি।স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, বেশ কিছুদিন ধরেই ক্লিনিকটির বিরুদ্ধে নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই প্রশাসন সেখানে অভিযান চালায়। অভিযানের সময় দেখা যায়, ক্লিনিকটির অপারেশন থিয়েটারে চিকিৎসা মান বজায় রাখার জন্য প্রয়োজনীয় কোনো আধুনিক সরঞ্জাম নেই। যেখানে উন্নতমানের সার্জিক্যাল লাইট থাকার কথা, সেখানে মোটরসাইকেলের ফগ লাইট ব্যবহার করে অস্ত্রোপচার করা হচ্ছিল বলে প্রমাণ মেলে। স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এ ধরনের পরিবেশে অস্ত্রোপচার করা রোগীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং তা চিকিৎসা নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া ক্লিনিকটির সার্বিক পরিবেশেও নানা অসঙ্গতি লক্ষ্য করা যায়। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতির পাশাপাশি একই ফ্রিজে খাবার ও ওষুধ একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল, যা স্বাস্থ্যবিধির মারাত্মক লঙ্ঘন। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, ক্লিনিকটি দীর্ঘদিন ধরে যথাযথ অনুমোদন ও নিয়মনীতি না মেনেই বিভিন্ন চিকিৎসাসেবা ও অপারেশন পরিচালনা করে আসছিল। অভিযানের সময় একাধিক অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করেন এবং অপারেশন থিয়েটার সিলগালা করে ক্লিনিকটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেন। তিনি আরও জানান, অভিযানের খবর পেয়ে ভুয়া ডাক্তার দম্পতি পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫