র্যাব-১ ও র্যাব-১৩ এর যৌথ অভিযানে আটক : চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাইয়ের পর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : বহুল আলোচিত গাজীপুরের পূবাইল এলাকায় ইজিবাইক চালক শাহাবুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মোঃ মমতাজ আলী (৩৯) কে যৌথ অভিযানে লালমনিরহাট থেকে গ্রেফতার করেছে র্যাব-১ ও র্যাব-১৩। র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিভিন্ন ধরনের অপরাধী গ্রেফতার এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সাম্প্রতিক সময়ে একাধিক ক্লুলেস হত্যাকাণ্ড দ্রুত নিষ্পত্তির মাধ্যমে র্যাব সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। মামলার সূত্রে জানা যায়, গত ১১ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় শিরিষ চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন মেঘডুবি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ধৃত আসামি মমতাজ আলীসহ অজ্ঞাতনামা কয়েকজন মিলে ইজিবাইক চালক শাহাবুল ইসলাম (৪৭) কে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে তার ইজিবাইক ছিনতাই করে। পরে স্থানীয়রা শাহাবুল ইসলামকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টা ২৫ মিনিটে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বড় ভাই মাহাবুল ইসলাম (৪৫) বাদী হয়ে পূবাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ১৯ মার্চ ২০২৬ তারিখে পূবাইল থানার মামলা নং-১২, ধারা ৩২৮/৩৭৯/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী রুজু হয়। র্যাব সূত্রে আরও জানা যায়, ঘটনার পর থেকেই আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২৯ মার্চ ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে র্যাব-১ (সিপিএসসি, গাজীপুর) ও র্যাব-১৩ (সিপিএসসি, রংপুর) এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মামলার প্রধান আসামি মমতাজ আলী লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার ভোটমারি এলাকায় আত্মগোপনে রয়েছে। পরে ওইদিন রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন ভোটমারি ইউনিয়নের ভোটমারি বাজার এলাকায় মেসার্স জনি ট্রেডার্সের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫