জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসে মোঃ বখতিয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তির আকস্মিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার ভেদামারী গ্রামের হাজী মোঃ রফি উদ্দিন মোল্লার মেজো ছেলে বখতিয়ার হোসেন ফুয়েল কার্ড সংগ্রহের জন্য সকাল থেকেই ইউএনও অফিসে লাইনে দাঁড়িয়ে ছিলেন। দীর্ঘ সময় লাইনে অপেক্ষার একপর্যায়ে হঠাৎ তার বুকে তীব্র ব্যথা শুরু হয়। এসময় উপস্থিত স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকে নিয়ে যান। ক্লিনিকে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। হঠাৎ এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক ও হতবিহ্বলতা। স্থানীয়দের অভিযোগ, ফুয়েল কার্ড সংগ্রহ করতে বিপুল সংখ্যক মানুষের ভিড় ও দীর্ঘ লাইনের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। পর্যাপ্ত ব্যবস্থাপনা না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলেও তারা মন্তব্য করেন। এদিকে, এ ঘটনায় স্থানীয় মহলে প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। জনসাধারণের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫