নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়া এলাকায় র্যাব-১ এর বিশেষ মাদকবিরোধী অভিযানে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মদ এবং বিয়ার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, ২৯ মার্চ ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে র্যাব-১, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়া এলাকার ৯৭০ নম্বর বাসায় বিপুল পরিমাণ অবৈধ ও অননুমোদিত দেশি-বিদেশি মদ ও বিয়ার গোপনে গুদামজাত করা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৬৯ লাখ ৭০ হাজার ৮০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে বিদেশি মদ ৩২১.৮৪ লিটার, বিদেশি বিয়ার ১৫.৮৪ লিটার, দেশি মদ ৬৩৩ লিটার এবং দেশি বিয়ার ৩৩২.৬৪ লিটার, যা সর্বমোট ১৩০৩.৩২ লিটার। অভিযানকালে মাদক ব্যবসায়ী মোঃ আদিল হায়দার সেলিম (৫৬)-কে গ্রেফতার করা হয়। তবে তার সহযোগী সৈয়দ নাহিদ ইসলাম, ম্যানেজার, শিওল রেস্টুরেন্ট এন্ড বার লিমিটেড, ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ও পলাতক আসামি দীর্ঘদিন ধরে রাজধানীর কাফরুল থানাধীন বিভিন্ন এলাকায় অবৈধভাবে দেশি-বিদেশি মদ ও বিয়ার সংগ্রহ করে গোপনে মজুদ ও ক্রয়-বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি’র কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদকসহ সকল প্রকার অপরাধ দমনে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।