জাহিদুল হক, বিশেষ প্রতিনিধি : চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টায় জেলার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ কর্মকর্তা জামিনুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জেলার তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা এদিন দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৪ শতাংশ। তিনি আরও জানান, একই দিন বেলা ১২টায় তাপমাত্রা ছিল ৩৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৫ শতাংশ। এর আগের দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে তীব্র তাপদাহে জেলার জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচণ্ড রোদ, গরম ও ভ্যাপসা আবহাওয়ায় মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। অন্যদিকে তাপদাহের প্রভাবে জেলায় বয়স্ক ও শিশুদের মধ্যে জ্বর, ডায়রিয়া ও হামের প্রকোপ বাড়ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিনই ডায়রিয়া, হাম ও জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি।