নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৯৩ বোতল (৬৯.৭৫ লিটার) অবৈধ বিদেশি মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব চাঁদাবাজি, সন্ত্রাস, খুন, অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, ছিনতাই, চোরাচালান ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে র্যাব-১। র্যাব-১ সূত্রে জানা যায়, গত ০২ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ২২টা ১৫ মিনিটে র্যাব-১, সিপিসি-৩, গাজীপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বিশ্বস্ত সূত্রে তথ্য পায় যে, ময়মনসিংহ জেলা থেকে একটি প্রাইভেটকারযোগে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ নিয়ে গাজীপুর চৌরাস্তার দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা ওইদিন রাত আনুমানিক ২৩টা ৫০ মিনিটে জিএমপি, গাজীপুর সদর থানাধীন দক্ষিণ সালনা এলাকায় কৃষি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ময়মনসিংহ-ঢাকাগামী মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের ডিকিতে অত্যন্ত সুকৌশলে লুকানো ৪টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে মোট ৯৩ বোতল (৬৯.৭৫ লিটার) অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। র্যাব আরও জানায়, উদ্ধারকৃত আলামত এবং পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫