জাহিদুল হক, (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গার জীবননগর থানাধীন এলাকায় ৪ জন শিশুসহ ৮ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে পাচারের সময় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ২ জন দালালকে গ্রেফতার করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ রুহুল কবীর খান এর সার্বিক দিকনির্দেশনায় এবং জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান শেখ এর তত্ত্বাবধানে জীবননগর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ভিকটিমদের মধ্যে কয়েকজন পূর্বে অবৈধভাবে ভারতের হরিয়ানা রাজ্যে বসবাস করতেন। আনুমানিক ৭ থেকে ৮ মাস আগে তারা সাতক্ষীরা জেলার ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফেরেন। পরবর্তীতে পুনরায় ভারতে প্রবেশের উদ্দেশ্যে যশোর জেলার মনিরামপুর থানার রাজঘাট এলাকার দালাল শফি (৫০)-এর মাধ্যমে জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের স্থানীয় দালাল ফারুক হোসেন (৪৫) ও ইসরাফিল হোসেন (২৮)-এর সাথে যোগাযোগ স্থাপন করেন। দালাল চক্রটি ভিকটিমদের ভারতে নিয়ে ‘কার্টুন তৈরির ভালো কাজ’ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোট ১ লাখ ৬০ হাজার টাকায় চুক্তি করে।গত ০৫ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টার দিকে সীমান্তবর্তী এলাকায় ঘোরাফেরার সময় দালাল ফারুক হোসেন ও ইসরাফিল হোসেন ভিকটিমদের ভারতে প্রবেশ করাতে ব্যর্থ হয়ে তাদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন কৌশলে হাতিয়ে নেয়। এ সময় ভিকটিম রাকিব মোল্লাকে মারধর করে তারা পালিয়ে যায়। ঘটনার সংবাদ পেয়ে জীবননগর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ইসরাফিল (৩২) ও মোঃ উজ্জ্বল হোসেন (৪০) নামে ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে উদ্ধারকৃত ভিকটিমরা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।