দর্শনা-চুয়াডাঙ্গা সড়কে ট্রাকের ধাক্কায় শিশু নিহত
জাহিদুল হক, (বিশেষ প্রতিনিধি) : দর্শনা-চুয়াডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আতিকা (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেলগেট পার হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আতিকা দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ার আতাহার জামিলের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে তার খালাতো বোন বাড়ি ফিরছিলেন। তাকে দেখে ছোট্ট আতিকা দৌঁড়ে কাছে যেতে চাইলে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিস্তেজ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, নিহত শিশুটির মাত্র তিন মাস আগে ক্যান্সারে তার মায়ের মৃত্যু হয়। এরপর থেকে সে তার খালু মোবারক পাড়ার মোবারক হোসেনের কাছে থাকতো । মায়ের শোক কাটতে না কাটতেই সড়ক দুর্ঘটনায় তার এমন মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটির নম্বর যশোর-ঢ ০১-০০০২। ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে এবং বর্তমানে তা দামুড়হুদা থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, নিহত শিশুটিকে দামুড়হুদা চিতলা হাসপাতালে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে স্বজনদের লিখিত আবেদনের ভিত্তিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।