জাহাঙ্গীর আলম (নিজস্ব প্রতিবেদক ) : গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত হয়েছেন টঙ্গী পূর্ব থানায় কর্মরত রাহাত নামে এক কনস্টেবল। এ ঘটনায় রবিবার (১৯ এপ্রিল) টঙ্গী পূর্ব থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এর আগে শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী বাজারের ইসলামী ব্যাংক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সন্ধ্যার পর পুলিশ বিভিন্ন এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে পথচারীদের দেহ তল্লাশি কার্যক্রম পরিচালনা করে থাকে। ঘটনার দিন কনস্টেবল রাহাত টঙ্গী বাজারের ইসলামী ব্যাংক এলাকায় সাদা পোশাকে দায়িত্ব পালনকালে সেখানে অবস্থান করছিলেন। এ সময় একদল মাদক কারবারি তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা আরও জানান, মাদকের স্পটগুলোতে পুলিশ প্রায়ই দলবেঁধে অভিযান পরিচালনা করে। তবে মাঝে মাঝে সাদা পোশাকে এক বা একাধিক পুলিশ সদস্য পথচারীদের দেহ তল্লাশি করেন। এ সময় কোনো বেআইনি বস্তু না পেলেও কিছু অসাধু পুলিশ সদস্য মানুষের সঙ্গে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। ফলে সাদা পোশাকে দায়িত্ব পালনকারী কিছু পুলিশের কর্মকাণ্ড নিয়েও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, কনস্টেবল রাহাত টঙ্গী পূর্ব থানায় কর্মরত থাকলেও তিনি টঙ্গী পশ্চিম থানার বিভিন্ন এলাকায় বেশি যাতায়াত করতেন। তার মতো আরও কয়েকজন পুলিশের বিরুদ্ধেও স্থানীয়দের মধ্যে অনুরূপ অভিযোগ রয়েছে। পাশাপাশি মাদক কারবারিদের সঙ্গেও তার বিরোধ ছিল বলে জানা যায়। এ ক্ষোভ থেকেই তার ওপর হামলা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, কনস্টেবল রাহাতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫