নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে কুপিয়ে জখম করার ঘটনায় অজ্ঞাতনামা প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-১। র্যাব জানায়, গত ২০ এপ্রিল ২০২৬ বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে রাজধানীর পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পেছনের একটি গলিতে ডা. আহমদ হোসেনের ওপর হামলা চালানো হয়। এ সময় দুই হামলাকারী তাকে পিছন থেকে ব্লেড ও ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত করে পালিয়ে যায়।
এতে তিনি ডান হাত ও পিঠে গুরুতর জখম হন। ঘটনার পরপরই র্যাব গোয়েন্দা অনুসন্ধান ও অভিযান শুরু করে। পরবর্তীতে রাজধানীর দক্ষিণখান, বাড্ডা, গুলশান এবং গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন
শরিফুল আলম ওরফে করিম, আমিনুল ইসলাম ওরফে কালু, সালাউদ্দিন, আরিফুজ্জামান এবং সাজ্জাদ ওরফে বদী। র্যাব জানায়, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জাতীয় ক্যান্সার হাসপাতালের বিভিন্ন কাজের টেন্ডার পাওয়া নিয়ে রুবেল গ্রুপ ও মুনায়েম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। মালয়েশিয়া প্রবাসী রুবেল ‘ইএম ট্রেডার্স’-এর মাধ্যমে হাসপাতালের এক্স-রে ও সিটি স্ক্যান ফিল্ম সরবরাহ করে আসছিলেন। সম্প্রতি ওই টেন্ডারটি অন্য একটি প্রতিষ্ঠানের হাতে চলে গেলে তিনি ক্ষুব্ধ হন। পরবর্তীতে বাংলাদেশে অবস্থানরত তার সহযোগী শরিফুল আলম ওরফে করিমের মাধ্যমে ডা. আহমদ হোসেনকে হত্যার উদ্দেশ্যে হামলার পরিকল্পনা করা হয়। এ পরিকল্পনা বাস্তবায়নে আমিনুল ইসলাম ওরফে কালুর মাধ্যমে ২০ হাজার টাকার বিনিময়ে দুই ভাড়াটিয়া হামলাকারী সালাউদ্দিন ও আরিফুজ্জামানকে নিয়োগ করা হয়। ঘটনার দিন সালাউদ্দিন প্রথমে ব্লেড দিয়ে আঘাত করে এবং পরে আরিফুজ্জামান ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের রাজধানীর বনানী থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫