সম্প্রতি উদ্বোধনের পর পুরোদমে চলছে পাঠদান, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিরাপদ শিক্ষা ও আবাসনের ব্যবস্থা
জাহাঙ্গীর আলম, ( নিজস্ব প্রতিবেদক) : সমাজে দ্বীনি শিক্ষা বিস্তার এবং এতিম ও অসহায় শিশুদের সুশিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে গাজীপুর মহানগরীর টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় যাত্রা শুরু করেছে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান মরহুম আবুল হোসেন নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। চলতি মাসের ১০ তারিখে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। উদ্বোধনের পর থেকেই এখানে নিয়মিতভাবে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ইতোমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী ভর্তি হয়ে শিক্ষা গ্রহণ করছে। স্থানীয় এলাকাবাসীর মধ্যেও প্রতিষ্ঠানটি নিয়ে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। এই মহতী উদ্যোগের নেপথ্যে রয়েছেন সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ব্যক্তি মো. নুরুল ইসলাম (নুরু)। তিনি গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য, ৪৫ নং ওয়ার্ড বিএনপি’র সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং ৪৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। ব্যক্তিগত উদ্যোগ ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এই মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠার উদ্যোগ নেন। প্রতিষ্ঠানটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা একই সঙ্গে দ্বীনি ও সাধারণ শিক্ষার সুযোগ পায়। এখানে নূরানী মক্তব বিভাগ (প্রি-প্রাইমারি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত), নাজেরা বিভাগ এবং হিফজ বিভাগ চালু রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার সুবিধা রাখা হয়েছে। শুধু পাঠদান নয়, শিশুদের সার্বিক বিকাশের বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে পাঠদান, সুন্দর হাতের লেখা শেখানোর বিশেষ প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের জন্য মনোরম ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এই মাদ্রাসা ও এতিমখানার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো এখানে এতিম, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা রাখা হয়েছে। তাদের জন্য আবাসন, শিক্ষা ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা কোনো বাধা ছাড়াই শিক্ষা গ্রহণ করতে পারে।এলাকাবাসী মনে করছেন, এই প্রতিষ্ঠানটি ভবিষ্যতে অনেক এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর জীবনে আলোর দিশা হয়ে উঠবে। মাদ্রাসা ও এতিমখানাটি মধ্য মিরাশপাড়া, মাদবর বাজার, বাঁশতলা (সিরাজ আলী বাইতুল্লাহ জামে মসজিদ সংলগ্ন), পূর্ব আরিচপুর, টঙ্গী, গাজীপুর এলাকায় অবস্থিত। যোগাযোগের সুবিধাজনক অবস্থানের কারণে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও শিক্ষার্থীরা এখানে ভর্তি হওয়ার আগ্রহ দেখাচ্ছে।প্রতিষ্ঠাতা মো. নুরুল ইসলাম (নুরু) জানান, এতিম ও অসহায় শিশুদের জন্য একটি নিরাপদ ও মানসম্মত শিক্ষা পরিবেশ তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য। উদ্বোধনের পর থেকে নিয়মিত শিক্ষা কার্যক্রম চলছে। ভবিষ্যতে আবাসিক সুবিধা বৃদ্ধি, আধুনিক শিক্ষা উপকরণ সংযোজন এবং শিক্ষার মান আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের সহযোগিতা পেলে এই প্রতিষ্ঠানকে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব হবে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের উদ্যোগ সমাজে দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এতিম ও অসহায় শিশুদের সুশিক্ষায় গড়ে তোলার মাধ্যমে সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এ প্রতিষ্ঠান বিশেষ অবদান রাখবে। এলাকাবাসীর প্রত্যাশা, মরহুম আবুল হোসেন নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’ ভবিষ্যতে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে এবং সমাজে আলোকিত প্রজন্ম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫