জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সনামধন্য শিক্ষক, মানুষ গড়ার কারিগর ও দর্শনার বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব মোশাররফ হোসেন স্যার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতরাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ২ ছেলে স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর সময় তিনার বয়স হয়েছিল ৮২ বছর। মোশাররফ হোসেন স্যারের মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী ও সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানানো হয়েছে গভীর সমবেদনা। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা নামাজ আজ বাদ যোহর দর্শনা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মোবারক পাড়া পৌর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে। জীবদ্দশায় মোশাররফ হোসেন স্যার দীর্ঘদিন দর্শনা সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন এবং উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে অসংখ্য শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তাঁর মৃত্যুতে দর্শনা এলাকার শিক্ষা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।