জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গা জেলার দর্শনাকে উপজেলা ঘোষণার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সরব হয়ে উঠেছে। ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দর্শনাকে উপজেলা ঘোষণার দাবিতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সচেতন মহল। দিন দিন এই দাবিকে ঘিরে জনমত আরও জোরালো হচ্ছে।
স্থানীয়দের দাবি, দর্শনা দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রশাসনিক অঞ্চল হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত। এখান থেকে প্রতি বছর সরকারের কোষাগারে কোটি কোটি টাকা রাজস্ব জমা হয়। দর্শনায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর, কাস্টমস অফিস, এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম চিনিকল হিসেবে পরিচিত কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড, বাংলাদেশের প্রথম রেলস্টেশনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান অবস্থিত। এছাড়াও দর্শনা একটি ঘনবসতিপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও এখানকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে উপজেলার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। প্রশাসনিক ও নাগরিক সেবা পেতে দূরবর্তী উপজেলা সদরে যেতে হওয়ায় জনগণকে সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের মতে, জনসংখ্যা, অর্থনৈতিক গুরুত্ব এবং প্রশাসনিক সুবিধার প্রয়োজনীয়তা বিবেচনায় দর্শনাকে উপজেলা হিসেবে ঘোষণা করা সময়ের দাবি। এ দাবিকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘দর্শনা উপজেলা চাই’ শিরোনামে নানা প্রচারণা চালানো হচ্ছে, যা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
এলাকাবাসীর প্রত্যাশা, বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করবে এবং জনদুর্ভোগ লাঘব ও এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে দর্শনাকে দ্রুত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে।