জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা বালিকা বিদ্যালয়ের শহীদ মিনারে আপত্তিকর সামগ্রী রেখে ছবি তোলা ও তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও আলোচনা সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা ঘটনাটিকে শহীদ মিনারের অবমাননা এবং নারী শিক্ষার্থীদের প্রতি অসম্মান হিসেবে দেখছেন। সোমবার (৩০ মার্চ) দুপুরে ফেসবুকে ছড়িয়ে পড়া ছবির স্ক্রিনশট ঘিরে বিষয়টি সামনে আসে। বিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবির জানান, বিদ্যালয় প্রতিদিন দুপুর ২টার পর বন্ধ হয়ে যায় এবং সব গেট তালাবদ্ধ থাকে। তার ধারণা, ছুটির পর কিছু বহিরাগত অবৈধভাবে প্রবেশ করে শহীদ মিনারে মেয়েদের ব্যবহৃত সামগ্রী রেখে ছবি তুলেছে এবং তা ফেসবুকে ছড়িয়েছে। শিক্ষক আরও বলেন, এর আগে বহুবার বহিরাগতরা বিদ্যালয়ে ঢুকে দেয়ালে অশালীন লেখা বা আপত্তিকর কিছু লিখে গেছে, যা নিয়মিত মুছে ফেলা হয়েছে। তবে এবারের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং উদ্বেগজনক। এটি শুধু শহীদ মিনারের অবমাননা নয়, ছাত্রীদের প্রতি অসভ্য আচরণের পরিচয়ও বহন করে। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল প্রশাসনের কাছে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, বিদ্যালয়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।