হাসাদহ বাজার এলাকায় ভোরে বিশেষ অভিযানে বিপুল মাদক উদ্ধার; গাড়ি ও মোবাইল ফোন জব্দ
জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গার জীবননগরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল (FAIRDYL) ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ সময় দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) ভোর ৫টা ৪৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল জীবননগর থানাধীন হাসাদহ বাজারের সামনে পাকা রাস্তার ওপর নিয়মিত চেকপোস্ট ডিউটি পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি সন্দেহভাজন প্রাইভেটকারে অভিযান চালায়।
এ সময় ‘Alien’ ব্র্যান্ডের একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে গাড়ির চালক পালানোর চেষ্টা করে। পরে গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ আলিম হোসেন (৩৬), পিতা-কাদের হাওলাদার এবং জনি (৪০), পিতা-বাবু জমাদার। তারা উভয়েই পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কলাগাছিয়া গ্রামের বাসিন্দা। তল্লাশি চালিয়ে আসামীদের হেফাজত থেকে সর্বমোট ৫৭৬ বোতল নেশাজাতীয় কথিত মাদকদ্রব্য ফেয়ারডিল (FAIRDYL) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া একটি ‘Alien’ প্রাইভেটকার (আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা) এবং ৪টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।