গুরুতর আহত অবস্থায় স্বামী হাসপাতালে চিকিৎসাধীন, ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
জাহাঙ্গীর আলম নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রী তানজিম আক্তার ঝিনুকের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্ত্রী নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় হঠাৎ উত্তেজনার একপর্যায়ে স্ত্রী তানজিম আক্তার ঝিনুক ধারালো অস্ত্র দিয়ে তার স্বামীর গোপনাঙ্গ কেটে দেন। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্বামীকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এদিকে ঘটনা ঘটানোর পরপরই অভিযুক্ত স্ত্রী তানজিম আক্তার ঝিনুক নিজেই টঙ্গী পূর্ব থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান জানান ভুক্তভোগীর পক্ষ থেকে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে নিয়মিত মামলা হবে। তবে আসামীকে কোর্টে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে পারিবারিক বিরোধের ক্ষেত্রে সহনশীলতা ও আইনি সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।