জাহিদুল হক, (বিশেষ প্রতিনিধি) : দামুড়হুদায় সহকারী কমিশনার (ভূমি) এর নামে ভুয়া নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক করা হয়েছে। জানা গেছে, ০১৮২৬১৬২৮৭৯ নম্বর থেকে নিজেকে সহকারী কমিশনার (ভূমি), দামুড়হুদা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করা হচ্ছে এমন অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে। দামুড়হুদা এসিল্যান্ডের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, উক্ত নম্বরটি অফিসিয়াল নয় এবং কেউ যেন এ ধরনের ফোনকল বা বার্তায় বিভ্রান্ত না হন। একই সঙ্গে জানানো হয়েছে, এ বিষয়ে ইতোমধ্যে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সহকারী কমিশনার (ভূমি), দামুড়হুদা এর অফিসিয়াল নম্বর হলো ০১৭৩৯১১৯৮৯৮। প্রয়োজন ছাড়া অন্য কোনো নম্বর থেকে যোগাযোগ এলে তা যাচাই করার জন্য সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।