গাজীপুরে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২, আহত ১৫
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কোনাবাড়ী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মিনিবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী। রোববার (০৫ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরের কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা প্রায় ৬টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাস কালিয়াকৈরের চন্দ্রার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে কোনাবাড়ী ফ্লাইওভারের মাঝামাঝি এলাকায় আগে থেকেই বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মিনিবাসটি সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে মিনিবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। এতে অন্তত ১৫ জন যাত্রী গুরুতর ও আহত হন। দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে, ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মিনিবাস ফ্লাইওভার থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। জিএমপি কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করীম জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।