সরকারি দামে তেল বিক্রি নিশ্চিত ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের শাস্তির দাবি
জাহিদুল হক,(বিশেষ প্রতিনিধি) : ভোজ্যতেলের বাজারে অস্থিরতা ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে Consumers Association of Bangladesh (CAB)-এর জেলা শাখা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় চুয়াডাঙ্গা শহরের অন্যতম ব্যবসাকেন্দ্র বাদুরতলা বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর। কর্মসূচিতে সঞ্চালনা করেন হাবিবি জহির রায়হান। এছাড়াও অধ্যক্ষ শাহজাহান আলী, অ্যাডভোকেট বদর উদ্দিন ও লিটু বিশ্বাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও দেশে অস্বাভাবিকভাবে দাম বাড়ানো হচ্ছে। আন্তর্জাতিক অস্থিরতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে একটি অসাধু সিন্ডিকেট চক্র বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে বলেও তারা অভিযোগ করেন। তাদের দাবি, সরকারি নির্ধারিত দামের চেয়ে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে প্রায় ৩০ টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে। একইভাবে খোলা তেলও অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে, যা ভোক্তাদের ন্যায্য অধিকার লঙ্ঘন করছে। মানববন্ধন থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি নিশ্চিত করা, সিন্ডিকেট চক্র শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, বাজারে নিয়মিত তদারকি জোরদার করা এবং মজুতদারি ও কৃত্রিম সংকটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। এছাড়া নন-ফুড গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রি বন্ধ এবং ফুড-গ্রেড পাত্র ব্যবহার বাধ্যতামূলক করার দাবিও জানানো হয়। বক্তারা বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে তেল বিক্রি সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ বাড়াচ্ছে এবং জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান তারা। পাশাপাশি ভোক্তাদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানানো হয়।