জাহিদুল হক, (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর মালিতাপাড়া এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসী প্রথমে মাদকদ্রব্যসহ ৪ জনকে আটক করে। পরে বিষয়টি প্রশাসনকে জানালে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ৪ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন জয়রামপুর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২ বছর), দামুড়হুদা দশমীপাড়ার আমিন উদ্দীনের ছেলে কালাম হোসেন (১ বছর), দোস্ত গ্রামের রজব আলীর ছেলে রানা মিয়া (৬ মাস) এবং কুমারীদহ গ্রামের মোমিন উদ্দিনের ছেলে মাহফুজ উদ্দিন (৩ মাস) বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্ট কোনো অপরাধ সহ্য করা হবে না।