জাহাঙ্গীর আলম (নিজস্ব প্রতিবেদক) : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি। চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৫৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী নাসের খান (শাপলা কলি) পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৩৯২ ভোট। ফলে ৪৯ হাজার ১৬৯ ভোটের বিশাল ব্যবধানে বিজয় নিশ্চিত করেন রনি। হাতপাখা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৩ হাজার ৫৫৭ ভোট।নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা সব কেন্দ্রের ফলাফল একত্রিত ও যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে এম. মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী ঘোষণা করেন। ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নির্বাচনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। নিজ গ্রামের সালনা মাদ্রাসা কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দেন এম. মঞ্জুরুল করিম রনি। ভোট প্রদান শেষে তিনি বলেন, জনগণের রায়ই চূড়ান্ত। আমি সবসময় একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চেয়েছি। জনগণ তাদের রায় দিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করেন। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।গাজীপুর-২ আসনকে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও ভিআইপি আসন হিসেবে বিবেচনা করা হয়। শিল্পাঞ্চল অধ্যুষিত এ এলাকায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বরাবরই তীব্র। তাই এবারের ফলাফল রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে। ফলাফল ঘোষণার পর ধানের শীষের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের খবর পাওয়া গেছে। বিজয়ের পর এম. মঞ্জুরুল করিম রনি সমর্থক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি দলমত নির্বিশেষে সকলের প্রতিনিধি হিসেবে কাজ করবেন। গাজীপুর-২ আসনের সার্বিক উন্নয়ন, শিল্পাঞ্চলের সমস্যা সমাধান এবং জনগণের প্রত্যাশা পূরণে তিনি অগ্রাধিকার দেবেন। ৪৯ হাজার ১৬৯ ভোটের এই ব্যবধানকে রাজনৈতিক বিশ্লেষকরা তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। তাদের মতে, এই ফলাফল আসনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।