নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় অন্তত ৬ জন আহত হয়েছেন। একপর্যায়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করে। আহতরা হলেন ব্যবসায়ী শাহাদাত হোসেন (২৮), ফিরোজ মিয়া (২৭), পথচারী রোহান (২১), রবিউল ইসলাম (৩৬), নয়ন ইসলাম রাজ (৩৩) ও সাফি মিয়া (৩২)। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন আগে ফেসবুকে দেওয়া একটি বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় একটি দোকানে কয়েকজন যুবকের ওপর হামলা চালানো হয়। এতে আহত হন রবিউল, সাফি ও নয়ন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এর জের ধরে রোববার বিকেলে প্রতিপক্ষের হামলায় আরও তিনজন আহত হন। দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে আহত হন ব্যবসায়ী শাহাদাত, ফিরোজ ও পথচারী রোহান। একপর্যায়ে কয়েক রাউন্ড গুলি ছোড়া হলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হামলাকারীদের সনাক্ত করতে পারেননি ভুক্তভোগীরা। পুলিশ জানায়, শনিবার রাতের মারামারির ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছিল। রোববারের হামলাও সেই ঘটনারই ধারাবাহিকতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা-র অফিসার ইনচার্জ ওসি মেহেদি হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কয়েক রাউন্ড ফাকা গুলি বর্ষন করা হয়েছে। আজকের বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। যারা আহত হয়েছে তারা চিকিৎসাধীন আছে। আমাদের টিম কাজ করছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।