নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের জয়দেবপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত মূলহোতা মাসুদ রানাকে ২৪ ঘণ্টার মধ্যেই কুড়িগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। যৌথ এই অভিযানে অংশ নেয় র্যাব-১ এবং র্যাব-১৩। গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. সকাল আনুমানিক ৫টা ৪৮ মিনিটে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন বিকেবাড়ি এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে তালাকপ্রাপ্ত স্ত্রী রিশমা খাতুন (৩০)-এর ওপর অতর্কিত হামলা চালায় মাসুদ রানা (৩৮)।অভিযোগ অনুযায়ী, পুনরায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় পূর্বপরিকল্পিতভাবে ধারালো চাকু দিয়ে পিঠের বাম পাশে আঘাত করে গুরুতর জখম করে সে। সহকর্মীদের চিৎকারে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যায়।আহত অবস্থায় রিশমাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২৩, তারিখ: ২৫/০২/২০২৬, ধারা: ৩০২ পেনাল কোড)। ঘটনার পরপরই র্যাব-১, সিপিএসসি, গাজীপুর ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। তথ্যপ্রযুক্তি ও বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত মাসুদ রানা কুড়িগ্রাম জেলার উলিপুর থানার অনন্তপুর চর ইউনিয়নের জলংগারকুটি বুড়াবুড়ি এলাকায় আত্মগোপনে রয়েছে। ২৬ ফেব্রুয়ারি তথ্য নিশ্চিত হওয়ার পর ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১২টা ০৫ মিনিটে র্যাব-১ ও র্যাব-১৩-এর যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।