জাহিদুল ইসলাম (বিশেষ প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ, সুশৃঙ্খল বিতরণ ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে নতুন নিয়ম চালু করা হচ্ছে। আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে শুধুমাত্র ‘ফুয়েল কার্ড’ধারী যানবাহনেই জ্বালানি তেল সরবরাহ করা হবে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে আজ ২৯ মার্চ ২০২৬ সকাল ১১টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জ্বালানি তেলের মজুদ, পরিবহন, বিপণন এবং সুশৃঙ্খল ব্যবহার নিশ্চিতকরণ বিষয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। সভায় জেলার জ্বালানি তেলের বর্তমান মজুদ পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা বলেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং সরকার নির্ধারিত মূল্যে সঠিক ও মানসম্মত জ্বালানি সাধারণ মানুষের কাছে পৌঁছানো নিশ্চিত করতে জেলা প্রশাসন কঠোর মনিটরিং ব্যবস্থা চালু রাখবে। কোনো ধরণের অনিয়ম বা কালোবাজারি পরিলক্ষিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ ও ৩১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংশ্লিষ্ট যানবাহনের মালিক বা চালকদের ‘ফুয়েল কার্ড’ সংগ্রহ করতে হবে। কার্ড সংগ্রহের জন্য প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, ড্রাইভিং লাইসেন্স এবং জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে। এছাড়া সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার ২২টি পাম্পে জ্বালানি তেল বিক্রি চলবে। তবে কৃষকদের সুবিধার্থে ডিজেল বিক্রি আগের মতোই ২৪ ঘণ্টা চালু থাকবে বলে সভায় জানানো হয়। সভায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজিবি সদস্য, পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ, কৃষক প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে, আসন্ন দিনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রাখতে ব্যবসায়ী ও ডিলারদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।