নিজস্ব প্রতিবেদক : সিলেটের পর এবার গাজীপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। দেশব্যাপী এই উদ্যোগটি নেওয়া হয়েছে তারেক রহমান-এর বিশেষ পরিকল্পনায়, যার লক্ষ্য ভবিষ্যৎ ক্রীড়াবিদ তৈরি করা। শনিবার বিকেলে মহানগরীর শহীদ বরকত স্টেডিয়াম প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ক্রীড় হলে পেশা, পরিবার পাবে ভরসা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুরের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা এম. মঞ্জুরুল করিম রনি, মোঃ মজিবুর রহমান এবং সালাউদ্দিন আইউবী। এছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার এবং জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী। গাজীপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ হোসেন ভূঁইয়া। আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। তারা মনে করেন, এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয় সন্তানদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শত শত শিশু-কিশোর ও ক্রীড়াপ্রেমীর উপস্থিতিতে স্টেডিয়াম প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর। উদ্বোধনী দিনেই ৮টি ভিন্ন ইভেন্টে অংশ নিয়ে নিজেদের প্রতিভা তুলে ধরে নবীন ক্রীড়াবিদরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাকিবুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন এবং গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক সদস্য দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই আয়োজনের মাধ্যমে গাজীপুরে শিশু-কিশোরদের ক্রীড়াচর্চায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।