নুরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে প্ল্যাকার্ড হাতে সড়কে অবস্থান মামলাটি এখনও আপিল বিভাগে বিচারাধীন
জাহাঙ্গীর আলম, নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার (আজ) সকাল ১০টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় অবস্থান নেন নেতা কর্মীরা।
জানা যায়, মঙ্গলবার সকালে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্প ও কৃষিমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টার দিকে বিআরটি প্রকল্পের উড়াল সড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় প্রধানমন্ত্রীর গাড়িবহর পৌঁছালে বিএনপি নেতাকর্মীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে উড়াল সড়কের দুই পাশে অবস্থান নেন।
এ সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর গাড়ির গতি ধীর করে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানান এবং বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহনূর ইসলাম রনি বলেন, আমার বাবা সম্পূর্ণ নির্দোষ। তাকে মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি রাখা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হলে তাকে মুক্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাই। সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার বলেন, “আমার ভাই নুরুল ইসলাম সরকার দীর্ঘদিন ধরে বিনা অপরাধে কারাগারে আছেন। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নুরুল ইসলাম সরকারকে আসামি করা হয়। একই বছরে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মামলার রায়ে হাইকোর্ট কয়েকজন আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং অন্যদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। নুরুল ইসলাম সরকার প্রথমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেও আপিলের পর তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হয়। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।