জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গার দর্শনা পুরাতন বাজারে অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রয়ের দায়ে এক তেল ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানে থাকা প্রায় ১৩০ লিটার ডিজেল জব্দ করা হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহীন আলম।
অভিযান সূত্রে জানা যায়, দর্শনা পুরাতন বাজারে অবস্থিত মেসার্স এস আর এন্টারপ্রাইজ-এর মালিক সেলিম উদ্দীন শান্তর তেলের দোকান থেকে এক ট্রাক্টর ড্রাইভারের কাছে ডিজেল বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। পরে দর্শনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সত্যতা পেয়ে ট্রাক্টরসহ ড্রাইভারকে আটক করে। বিষয়টি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহীন আলমকে জানানো হলে তিনি ঘটনাস্থলে এসে সত্যতা নিশ্চিত করেন এবং রাতেই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী মেসার্স এস আর এন্টারপ্রাইজের মালিক সেলিম উদ্দীন শান্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানে থাকা আনুমানিক ১৩০ লিটার ডিজেল জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে বুধবার সকালে জব্দকৃত তেল স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে। তবে আটক ট্রাক্টর ড্রাইভারের কাছে উপজেলা কৃষি অফিসের বৈধ ফুয়েল কার্ড থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।