জাহিদুল হক, (বিশেষ প্রতিনিধি): চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারসহ দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকালে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন। অভিযানে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ এবং ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালিহুদা বাজারে অভিযান চালিয়ে আতিয়ার রহমানের একটি মুদি দোকান থেকে অবৈধভাবে মজুত রাখা ৫ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২০ ধারায় তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই অভিযানে উপজেলার আন্দুলবাড়িয়া এলাকার পিয়াস ফিলিং স্টেশনেও অনিয়মের প্রমাণ পাওয়া যায়। সেখানে দায়িত্বরত ম্যানেজার নজরুল ইসলামকে অবৈধভাবে তেল মজুতের অভিযোগে ৭ দিনের কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন জানান, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টি রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ ও বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে নিয়মিত নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।