নরসিংদীর শিবপুর থেকে গ্রেফতার : টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় ছিল দীর্ঘদিন পলাতক
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানার হত্যা চেষ্টা ও চাঁদাবাজি মামলার প্রধান আসামি ইমরান ওরফে ‘কলা ইমরান’ (৩৫)-কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব-১ ও র্যাব-১১। র্যাব জানায়, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী ও চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আলোচিত এই মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গত ০৩ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন হিমারদিঘী পানির পাম্প সংলগ্ন র্যাকেট খেলার মাঠে ভিকটিম শাহরিয়ার সাজ্জাত (২৮)-কে ডেকে নেয় একদল সন্ত্রাসী।
অভিযোগ অনুযায়ী, প্রধান আসামি ইমরান ওরফে কলা ইমরান ধারালো চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে ভিকটিমের হাত, পিঠ ও বুকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। এ সময় সহযোগী আসামিরাও দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিমকে আঘাত করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা ভিকটিমকে ফেলে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা সাজেদা হক বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা নং-১৩, তারিখ-০৭/০১/২০২৬ দায়ের করেন।
ঘটনাটি গণমাধ্যমে ব্যাপক আলোচিত হলে র্যাব-১ আসামিদের গ্রেফতারে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি ইমরান ওরফে কলা ইমরান নরসিংদী জেলার শিবপুর এলাকায় অবস্থান করছে। পরে ২৫ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৫টা ৫ মিনিটে র্যাব-১ (উত্তরা) ও র্যাব-১১ (সিপিএসসি, নরসিংদী)-এর যৌথ আভিযানিক দল নরসিংদীর শিবপুর থানাধীন সিয়াম সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত ইমরান ওরফে কলা ইমরানের বিরুদ্ধে উল্লেখিত হত্যা চেষ্টা মামলার পাশাপাশি সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে টঙ্গী পূর্ব থানার মামলা নং-৪৪, তারিখ-২৫/০৪/২০২৬ দায়ের রয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।