নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক কিশোরকে গ্রেফতার করেছে র্যাব-১।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানায়, ২৫ এপ্রিল ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে র্যাব-১, সিপিসি-১, উত্তরা ঢাকা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মহাখালী এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গুলশানের দিকে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল গুলশান থানাধীন গুলশান-২, রোড নং-১১২, বাড়ি নং-১৪ এর সামনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। এসময় ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে একটি হলুদ রঙের পিকআপ ভ্যান তল্লাশি করে ৫৯৯ বোতল (৪৪৯.২৫ লিটার) বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩৬ লাখ ৫৪ হাজার টাকা। এ ঘটনায় মোঃ সামির (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করা হয়। তার পিতা মৃত বাদশা মিয়া। বর্তমানে সে মধ্য বাড্ডা কবরস্থান এলাকায় আনিছের গ্যারেজে বসবাস করতো বলে জানা গেছে। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত কিশোর দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা পলাতক সহযোগীদের সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় বিদেশি মদ ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশলে এসব অবৈধ মাদক পরিবহন ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত কিশোরকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি’র গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।