জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গা জেলার সড়কে শৃঙ্খলা ফেরাতে জেলা ট্রাফিক বিভাগ জোরালো অভিযান পরিচালনা করছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত ও ট্রাফিক আইন প্রতিপালন জোরদারে এপ্রিল ২০২৬ মাসজুড়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়।
এই সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৫৭৯টি যানবাহনের বিরুদ্ধে প্রসিকিউশন করা হয়েছে। অভিযানে ধরা পড়া অনিয়মগুলোর মধ্যে রয়েছে রেজিস্ট্রেশনবিহীন যানবাহন ৫৩টি, ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক ৩৩৯টি, হেলমেটবিহীন ও অন্যান্য অপরাধ ১৬৪টি, অযান্ত্রিক যানবাহন ২৩টি, এসব অভিযানে মোট ২৮,৩৫,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে। এছাড়াও সড়ক নিরাপত্তা বাড়াতে হেলমেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়। এর মাধ্যমে অন্তত ৫০ জন মোটরসাইকেল চালককে সচেতন করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সড়কে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ অদক্ষ চালনা ও আইন অমান্য করা। এ বিষয়ে পুলিশ সুপার বলেন, অদক্ষ চালকরাই অধিকাংশ দুর্ঘটনার শিকার হয়। তাদের ভুলের কারণে পুরো পরিবারকে চরম মূল্য দিতে হয়। তাই লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সচেতনতা ও সহযোগিতা কামনা করেন।