জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম সঠিক ও নির্ভুলভাবে সম্পন্ন করার লক্ষ্যে রিক্রুটমেন্ট ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের নিয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকাল ৫টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। ব্রিফিংয়ে পুলিশ সুপার নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সদের নির্ধারিত সময়ের পূর্বেই পরিচ্ছন্নতা বজায় রেখে পূর্ণাঙ্গ ড্রেসরুল অনুযায়ী ইউনিফর্ম পরিধান করে প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকার নির্দেশ দেন। একই সঙ্গে অর্পিত দায়িত্ব বিচক্ষণতা ও সততার সঙ্গে পালন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সতর্ক করে বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, সহযোগিতা বা স্বজনপ্রীতির অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ বিভাগীয় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সুপার বলেন, কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত। শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী প্রার্থীরাই শুধুমাত্র নিয়োগ পাবেন। এছাড়া প্রার্থীদের কোনো প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়তে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। আগামী ১৮, ১৯ ও ২০ এপ্রিল ২০২৬ তারিখ প্রতিদিন সকাল ৮টা থেকে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ ও Physical Endurance Test (PET) অনুষ্ঠিত হবে। নারী ও পুরুষ প্রার্থীদের পৃথক লাইনে সকাল ৮টার পূর্বেই প্রবেশ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র, কলম ও পরিধেয় বস্ত্র ব্যতীত অন্যান্য সামগ্রী পুলিশ লাইন্সের নির্ধারিত স্থানে জমা রাখতে হবে। চুয়াডাঙ্গা জেলা থেকে আবেদনকারীদের মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাস, মোঃ সোয়েব আহমেদ ও হিমন বিশ্বাসসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।