বয়ারগাড়ি মাঠে দীর্ঘদিন ধরে বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, জব্দ করা হয়েছে কাচামাল ও যন্ত্রপাতি
জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের বয়ারগাড়ি মাঠে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে পরিবেশ ও বায়ু দূষণের অভিযোগে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল ) দুপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বেচাদহ মজমাগঞ্জ এলাকার মিন্না বেপারীর ছেলে আব্দুর রহমান (৫০)-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ কাচামাল ও ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খয়েরহুদা গ্রামের বয়ারগাড়ি মাঠে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা (লেড) সংগ্রহ করা হচ্ছিল। এতে করে আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ছিল বিষাক্ত ধোঁয়া ও দুর্গন্ধ, যা স্থানীয় বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।
এলাকাবাসী অভিযোগ করেন, দিনের পর দিন ব্যাটারি পোড়ানোর ফলে পরিবেশ দূষণ ভয়াবহ আকার ধারণ করে। বিশেষ করে শিশু ও বয়স্কদের শ্বাসকষ্ট, চোখ জ্বালা ও নানা শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়রা প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে ঘটনাস্থলে অবৈধ কার্যক্রমের সত্যতা পাওয়া যায়। এ সময় দায়ী ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয় এবং পরিবেশ দূষণে ব্যবহৃত কাচামাল ও যন্ত্রপাতি জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, পরিবেশের জন্য ক্ষতিকর এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।