নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী আল মুনসুর টুটুলের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বায়তুল কারিম জামে মসজিদে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, মুসল্লি ও সুধীজন অংশগ্রহণ করেন। রমজানের পবিত্রতা ও তাৎপর্য তুলে ধরে আয়োজিত এ অনুষ্ঠানে রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় আল মুনসুর টুটুল বলেন, রমজান মাস হচ্ছে সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এই মাসে সবাইকে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করার চেষ্টা করছি। আগামীতে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবো। অনুষ্ঠানে স্থানীয় মুরব্বি, সমাজসেবক, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজিত ইফতার মাহফিলটি এলাকায় সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিতরা মত প্রকাশ করেন।